মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য ভাড়ায় বিশেষ ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিক এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ ভাড়া ছাড় পাবেন। অর্থ বিভাগ ইতোমধ্যে এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হতে পারে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারের নির্বাচনী অঙ্গীকার এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীরা সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রদত্ত ‘সুবর্ণ পরিচয়পত্র’ দেখিয়ে ছাড়ের সুবিধা নিতে পারবেন। অন্যদিকে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে বয়স নিশ্চিত করা হবে। এর আগে মেট্রোরেলে কেবল যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা বিনামূল্যে যাতায়াতের সুযোগ পেতেন এবং প্রতিবন্ধীদের জন্য ১৫ শতাংশ ভাড়া ছাড় ছিল। নতুন সিদ্ধান্তে সেই ছাড় বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে এবং প্রথমবারের মতো প্রবীণ নাগরিকদেরও এই সুবিধার আওতায় আনা হয়েছে।
সাধারণভাবে দেশে ৬০ বছর বয়সীদের প্রবীণ হিসেবে বিবেচনা করা হলেও মেট্রোরেলের ক্ষেত্রে বয়সসীমা ৬৫ বছর নির্ধারণ করা হয়েছে। কর্তৃপক্ষের মতে, পরিচালন ব্যয়, রাজস্ব আয় এবং ভবিষ্যৎ ঋণ পরিশোধের বিষয় বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) হিসাব অনুযায়ী, এই ছাড় কার্যকর হলে বছরে প্রায় ১২ কোটি টাকার রাজস্ব কমতে পারে, যা মোট আয়ের প্রায় ৩ শতাংশ।
এদিকে শিক্ষার্থীদের হাফ ভাড়া সুবিধার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভবিষ্যতে সার্বিক আর্থিক পরিস্থিতি মূল্যায়ন করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন